এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এই তালিকার দেশগুলো হলো- তুরস্ক, তিউনিশিয়া ও আফগানিস্তান। দেশগুলোতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
একইসাথে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইও। ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।
এই হিসাবে যেসব দেশে ২৭ মে ঈদ অনুষ্ঠিত হবে, সেসব দেশে জিলহজ মাস শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে, আর যেসব দেশে ঈদ ২৮ মে, সেসব দেশে জিলহজের প্রথম দিন হবে পরের দিন মঙ্গলবার (১৯ মে)।
বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল সোমবার বৈঠক ডেকেছে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।



