টেলিগ্রামের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী, এ অভিযোগে টেলিগ্রাম সর্বোচ্চ পাঁচ কোটি ৪৬ লাখ অস্ট্রেলীয় ডলার বা তিন কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে পারে।

নয়া দিগন্ত অনলাইন
টেলিগ্রামের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়া
টেলিগ্রামের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়া |সংগৃহীত

সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে বার্তা বিনিময় প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩০ জুলাই) আদালতে মামলা করেছে অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী, এ অভিযোগে টেলিগ্রাম সর্বোচ্চ পাঁচ কোটি ৪৬ লাখ অস্ট্রেলীয় ডলার বা তিন কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে পারে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়া টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেফতারের উদ্যোগ নেয়ার ঘোষণা দেয়ার এক দিন পর এ পদক্ষেপ নেয়া হলো। রাশিয়ার অভিযোগ, তিনি ‘সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার’ ক্ষেত্রে সহযোগিতা করেছেন।

দুবাই ও ফ্রান্স—উভয় দেশেই বসবাস করেছেন ৪১ বছর বয়সী দুরভ।

২০২৪ সালে অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেয়ার অভিযোগে ফরাসি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।

পরে ফরাসি কর্তৃপক্ষ তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে তিনি ফ্রান্স ত্যাগ করেন।

ফরাসি ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারী দুরভের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোকে টেলিগ্রাম ব্যবহার করে সদস্য সংগ্রহের সুযোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট বৃহস্পতিবার বলেন, নোটিশ দেয়ার পরও টেলিগ্রাম সন্ত্রাসবাদ সমর্থনকারী বিভিন্ন কনটেন্ট সরিয়ে নেয়নি।

এর মধ্যে ছিল সন্ত্রাসী গোষ্ঠীর মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও, গণহত্যার ভিডিও এবং ‘সাম্প্রতিক ইতিহাসে পরিচিত উগ্রপন্থী সহিংসতার সবচেয়ে কুখ্যাত কয়েকটি ঘটনার’ ভিডিও।

তিনি বলেন, এর মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সরাসরি সম্প্রচার করা হামলার ভিডিও এবং ২০২২ সালে নিউইয়র্কের বাফেলো শহরের গুলিবর্ষণের ভিডিও-সংক্রান্ত কনটেন্টও ছিল।

সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো প্ল্যাটফর্মকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্টের বিষয়ে অবহিত করা হলে, তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বন্ডি ট্র্যাজেডির সাম্প্রতিক ঘটনার পর অস্ট্রেলিয়া বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ সময়েই এ পদক্ষেপ নেয়া হলো।’ তিনি গত বছর সিডনির একটি সমুদ্র সৈকতে ইহুদি বিদ্বেষীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন, যাতে ১৫ জন নিহত হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত টেলিগ্রাম একটি বড় বৈশ্বিক প্ল্যাটফর্ম।

অস্ট্রেলিয়া থেকে প্রতি মাসে প্রায় ১৫ লাখ বার এটি ব্যবহার করা হয়। বাসস