ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩

তবে, প্রশাসনের কর্মকর্তারা মাদক পাচারের সাথে জড়িত জাহাজগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করতে পারেননি। যার ফলে ক্যারিবিয়ান থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত অভিযানের বৈধতা নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নৌযান
নৌযান |সংগৃহীত

ক্যারিবীয় সাগরে আবারো একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার পর গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা দাঁড়ালো অন্তত ১৩৩ জন।

মার্কিন প্রশাসন সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌকাগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জোর দিয়ে বলেন, তারা ভেনিজুয়েলা থেকে পরিচালিত ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যকরভাবে যুদ্ধ করছেন। এরপর থেকে কয়েক ডজন হামলা চালানো হয়েছে।

তবে, প্রশাসনের কর্মকর্তারা মাদক পাচারের সাথে জড়িত জাহাজগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করতে পারেননি। যার ফলে ক্যারিবিয়ান থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত অভিযানের বৈধতা নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে তিনজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে, মার্কিন সামরিক বাহিনীর কোনো ক্ষতি হয়নি।

ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী কর্তৃক আটকের প্রায় ছয় সপ্তাহ পরে এই নতুন হামলাটি করা হয়েছে।

নিকোলাস বলেছিলেন, দক্ষিণ আমেরিকার দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আমেরিকান হামলা চালানো হয়েছে। বামপন্থী এই নেতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দী, যেখানে তিনি মাদক ও অস্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সূত্র : বাসস