পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেপে ওঠে আশপাশের এলাকা। সেইসাথে পার্শ্ববর্তী সব ভবনের কাচ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, দ্বিতীয় রাকাতের সেজদাহ-এর সময়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এরপর ওই ব্যক্তি গুলি চালালে নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালান। এরপর বোমা হামলাকারী ব্যক্তি নিজেকে উড়িয়ে দেন। আর তাতেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সাথে জড়িত ওই ব্যক্তিকে ফিতনা আল খাওয়ারিজের সদস্য হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করে।
তবে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা হয়নি।
ঘটনার পর ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল বিস্ফোরণস্থলে পৌঁছানোর পর ১৬৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।
এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেন। এত অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হন।
সূত্র : আলজাজিরা ও জিও নিউজ



