পুরোনো ভিডিও ছড়িয়ে কারিনা কায়সারের দাফন নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য এবং এটি কারিনা কায়সারের কবর খোঁড়ার দৃশ্য নয়। ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পুরোনো ভিডিও, দাবিটি সম্পূর্ণ অসত্য
পুরোনো ভিডিও, দাবিটি সম্পূর্ণ অসত্য |সংগৃহীত

পুরোনো ভিডিও ছড়িয়ে সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও কনটেন্ট ক্রিয়েটর মরহুমা কারিনা কায়সারের কবর খোঁড়া বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, এ বিষয়ক দাবিটি অসত্য এবং ভিডিওটি পুরোনো।

গত ১৫ মে লিভার-সংক্রান্ত জটিলতায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ (সোমবার) মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

এরই পরিপ্রেক্ষিতে, কবর খোঁড়ার সময় মাটি থেকে সাপ বেরিয়ে এসেছে-এমন দাবি করে আওয়ামী পন্থী কিছু ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য এবং এটি কারিনা কায়সারের কবর খোঁড়ার দৃশ্য নয়। ভিডিওটি ২০২৪ সালের মে মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এসব অপতথ্য বিশেষ করে ২৪-এর আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নব-নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র : বাসস