সাভারে উগ্রবাদী গোষ্ঠীর হামলার মিথ্যা দাবি শনাক্ত

সাভারে উগ্রবাদী হামলার দাবিতে প্রচারিত খিলগাঁওয়ের পুরনো ভিডিওকে ভুয়া ও মিথ্যা হিসেবে শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাফ্যাক্ট পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম
বাংলাফ্যাক্ট পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম |সংগৃহীত

সাভারে উগ্রবাদী গোষ্ঠীর হামলার ভুয়া ও মিথ্যা দাবি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, একটি বিস্ফোরণের দৃশ্য ছড়িয়ে ২৭ জুলাই রাতে সাভারে উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে দাবি করা হয়।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওইদিন সাভারে উগ্রবাদী গোষ্ঠীর হামলার দাবিটি মিথ্যা। ছড়ানো ভিডিওটি গত বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে অগ্নিকাণ্ডের।

এই বিষয়ে অনুসন্ধানে একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারির ২১ তারিখে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে অগ্নিকাণ্ড ঘটে।

এক গণমাধ্যমে গত বছরের ২১ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

পাশাপাশি গত ২৭ জুলাই রাতে সাভারে উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে- এমন তথ্যের সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

সূত্র : বাসস