বিগত সরকারের সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ থেকে ‘বর্তমান বাংলাদেশ’ এমন ক্যাপশনে একটি নৃশংস ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে। ভিডিওতে দাবি করা হচ্ছে—দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান সরকারের আমলের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ঘটে যাওয়া একটি ঘটনার। সেদিন ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাত দলকে ধরে গণধোলাই দেয়।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে এই ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান। সূত্র : বাসস



