প্রধানমন্ত্রীর রাজনৈজিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সংসদীয় আসন শূন্য হওয়ার ভুয়া দাবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, মির্জা আব্বাস এমপি হিসেবে শপথ নিয়েছিলেন, তাই তার আসন শূন্য হওয়ার দাবিটি ভিত্তিহীন।
৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে আসন শূন্য হয়- সংবিধান সূত্রে এমন একটি তথ্য উল্লেখ করে দাবি করা হচ্ছে, ঢাকা-৮ আসন শুন্য হয়েছে। কিছু পোস্টে আরো দাবি করা হচ্ছে, এই আসন থেকে নির্বাচিত মির্জা আব্বাস অসুস্থ থাকায় ৯৫ দিনেও শপথ নিতে পারেননি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত এমপিরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। ওই দিন মির্জা আব্বাসও শপথ নেন। ফলে ঢাকা-৮ আসন শূন্য হওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত খবরটি ভিত্তিহীন এবং মিথ্যা।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে। সূত্র : বাসস



