কারামুক্তির পর নুসরাত ফারিয়া

‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি’

‘এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট বা ভালোবাসা আমি আজীবন মনে রাখব।’

নয়া দিগন্ত অনলাইন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া |সংগৃহীত

কারামুক্তির পর অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন।’ যারা এ সময়টাতে তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

নুসরাত ফারিয়া লিখেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।’

তিনি বলেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সব সময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কারাগার থেকে বের হন। তখন স্বজনদের সাথে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। এ সময় কারো সাথেই কোন কথা বলেননি তিনি।

সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন।

রোববার (১৮ মে) ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।