রেড কার্পেটে কুকুরের বিড়ম্বনা, প্রশংসিত রভিনার শান্ত আচরণ

নয়া দিগন্ত ডিজিটাল
  • সুমাইয়া ইয়াসমিন

মুম্বাইয়ে আয়োজিত হলো নতুন চলচ্চিত্র ‘ওহ মাই ডগ’ (Ohh My Dog)-এর বিশেষ প্রদর্শনী। উৎসবমুখর এই প্রদর্শনীতে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ও নাটকীয় ঘটনা। প্রদর্শনীর রেড কার্পেটে একটি কুকুর হঠাৎ করেই রভিনা ট্যান্ডনের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে কোনো রকম আতঙ্ক প্রকাশ না করে অত্যন্ত ধৈর্য ও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।

রেড কার্পেটে হলুদ পোশাক পরা রভিনাকে ক্যামেরার সামনে একটি কুকুরের সাথে সময় কাটাতে দেখা যায়। তিনি বেশ হাসিমুখে কুকুরটিকে আদর করছিলেন এবং আলোকচিত্রীদের সামনে পোজ দিচ্ছিলেন। কিন্তু বিপত্তি ঘটে তিনি দাঁড়িয়ে পড়ার পর। অনুষ্ঠানে উপস্থিত অন্য একটি কুকুরকে দেখে হঠাৎই ডাকতে শুরু করে প্রাণীটি। একপর্যায়ে রভিনার পোশাকের ঝুলন্ত একটি সুতো কুকুরের মুখে লেগে যায় এবং সেটি পেঁচিয়ে পোশাক ধরে টানাটানি শুরু করে।

হঠাৎ সৃষ্টি হওয়া এই পরিস্থিতিতে সেখানে উপস্থিত অনেকে চমকে গেলেও রভিনা ভয় পাননি বা কুকুরটিকে ঠেলে সরিয়ে দেননি। অত্যন্ত শান্ত থেকে তিনি প্রশিক্ষকদের (হ্যান্ডলার) কুকুরটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনার সুযোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অভিনেত্রী কোনো রাগ বা বিরক্তি না দেখিয়ে বরং পুনরায় কুকুরটির গায়ে হাত বুলিয়ে আদর করে দেন।

পরবর্তীতে আলোকচিত্রী ও সাংবাদিকরা রভিনা আহত হয়েছেন কি না জানতে চাইলে তিনি হাসিমুখেই জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে রভিনা বলেন, “অন্য একটি কুকুরকে দেখে ও হঠাৎ ডাকতে শুরু করেছিল। ওই সময় দুর্ঘটনাবশত আমার পোশাকের একটি সুতো ওর দাঁতে পেঁচিয়ে গিয়েছিল।” রভিনার এমন বিচক্ষণতা ও শান্ত স্বভাবের প্রশংসা করছেন সবাই।

উল্লেখ্য, অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ সিনেমাটির শুটিং হয়েছে আসাম ও বিহারের বিভিন্ন অঞ্চলে। বাস্তবভিত্তিক এই ছবিতে রভিনা ট্যান্ডন ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা, মাহি রাই, রাজেশ কুমার প্রমুখ।

লেখক: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।