ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সাথে দেখা হয়েছে এ অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সাথে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সাথে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সাথে কাটানো সেই মুহূর্তকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।
তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সাথে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সাথে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরো অনেক সাফল্য কামনা করি।’



