স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

৭ দিনেই ৫০০ মিলিয়ন ডলার আয়, বক্স অফিসে নতুন রেকর্ড

নয়া দিগন্ত ডিজিটাল
  • সায়মা আফরোজ

বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করল হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’-এর নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। এর আগে এত দ্রুত আর কোনো ছবি, এই পরিমাণ আয় করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, আকর্ষণীয় গল্প আর জমকালো নির্মাণশৈলীর কারণে মার্ভেলের এই নতুন সিনেমা বিশ্বজুড়ে বক্স অফিসের পুরোনো সব হিসাব-নিকাশ বদলে দিচ্ছে।

সিনেমাটির প্রথম সপ্তাহের আয় দাঁড়িয়েছে প্রায় ৫১১ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম সপ্তাহেই এমন সাফল্য স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার পাশাপাশি সুপারহিরো সিনেমার প্রতি দর্শকদের আগ্রহেরও বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকায় প্রায় ৩৬০ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছিল। এতে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডও পেছনে পড়ে গিয়েছে।

বিশ্বব্যাপী সিনেমাটির উদ্বোধনী আয় দাঁড়ায় প্রায় ৯৩২ মিলিয়ন ডলার।

‘ব্র্যান্ড নিউ ডে’তে আবারও স্পাইডার-ম্যান চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে রয়েছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, জন বার্নথালসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির পর বক্স অফিসের পারফরম্যান্স সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে।

প্রথম দিন থেকেই দর্শক ও বক্স অফিসে সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। প্রথম সপ্তাহের এই রেকর্ড সাফল্যের পর বিশ্বব্যাপী বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ কতদূর যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

লেখক: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।