আরতুগ্রুল থেকে শুরু হওয়া ১ যুগের তুর্কি ধারাবাহিকটি কি উরহানেই শেষ হয়ে যাবে?

দর্শকের রুচিতে পরিবর্তন এসেছে। এখন তুরস্ক ও আরব বিশ্বের অনেক দর্শক দীর্ঘ ঐতিহাসিক সিরিজকে আরো গভীর ও নান্দনিক রূপে দেখতে চান। ফলে ‘কুরুলুস উরহান’ যেহেতু সেটি দেখাতে ব্যর্থ, তাই তার সমাপ্তিই যেন স্বাভাবিক।

নয়া দিগন্ত অনলাইন
‘দিরিলিস আরতুগ্রুল’ ও ‘কুরুলুস উসমান’র মতো দর্শকপ্রিয়তা পাচ্ছে না ‘কুরুলুস উরহান’
‘দিরিলিস আরতুগ্রুল’ ও ‘কুরুলুস উসমান’র মতো দর্শকপ্রিয়তা পাচ্ছে না ‘কুরুলুস উরহান’ |সংগৃহীত

উসমানি সাম্রাজ্যের উত্থানের ঘটনা নিয়ে শুরু হয় ‘দিরিলিস আরতুগ্রুল’। দীর্ঘ এক যুগের এই তুর্কি ধারাবাহিকটিতে মাঝে আরেকটি প্রজন্ম দেখানো হয় ‘কুরুলুস উসমান’ নামে, যেখানে ফুটিয়ে তোলা হয় সাম্রাজ্যটির ভিত্তি। এই দুটি সিরিজই ছিল বেশ দীর্ঘ, কিন্তু অনেক জনপ্রিয়। তবে এর বর্তমান কিস্তি ‘কুরুলুস উরহান’র মাধ্যমে সিরিজটির সমাপ্তি ঘটছে বলে শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম সিজনেই ‘কুরুলুস উরহান’র দর্শকপ্রিয়তা হ্রাস পেয়েছে। ফলে দীর্ঘ এক যুগ ধরে চলা তুর্কি ঐতিহাসিক ধারাবাহিকটির স্বর্ণযুগ শেষ হয়ে এখন তা একেবারে বন্ধ হওয়ার পথে।

২০১৪ সালে ‘দিরিলিস আরতুগ্রুল’ দিয়ে যাত্রা শুরু হয় এই ধারাবাহিকের। পাঁচ মৌসুমজুড়ে প্রচারিত সিরিজটি তুরস্ক ছাড়িয়ে আরব বিশ্ব ও দক্ষিণ এশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। আরতুগ্রুল চরিত্রে অভিনয় করা অভিনেতা এনজিন আলতান দোজইয়াতান বিশ্বজুড়ে পরিচিত মুখে পরিণত হন। পরে ‘কুরুলুস উসমান’ ছয় মৌসুম ধরে সেই জনপ্রিয়তা ধরে রাখে। এতে উসমান গাজীর চরিত্রে অভিনয় করেন বোরাক ওজচিভিত।

কিন্তু এই ধারাবাহিকের নতুন সিরিজ ‘কুরুলুস উরহান’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুরু থেকেই সিরিজটির নির্মাণ ও কাস্টিং নিয়ে প্রশ্ন ছিল। উরহানের চরিত্রে মের্ত ইয়াজিজিওগ্লুর অভিনয় দর্শকের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়নি। ঐতিহাসিক চরিত্রে শুধু অভিনয় নয়, নেতৃত্বপূর্ণ ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ, যা এই চরিত্রে অনুপস্থিত ছিল বলে অনেকে মনে করছেন।

এ ছাড়া আগের সিরিজগুলোর তুলনায় বাজেট কমে যাওয়ায় যুদ্ধ ও বিশাল সেটের দৃশ্যগুলোও দুর্বল মনে হয়েছে বলে দর্শকরা মনে করছেন। কাহিনিতেও নতুনত্বের অভাব ছিল। পাশাপাশি একই ধরনের সঙ্ঘাত ও ধীরগতির গল্প সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দর্শকের রুচিতেও পরিবর্তন এসেছে। এখন তুরস্ক ও আরব বিশ্বের অনেক দর্শক দীর্ঘ ঐতিহাসিক সিরিজকে আরো গভীর ও নান্দনিক রূপে দেখতে চান। ফলে ‘কুরুলুস উরহান’ যেহেতু সেটি দেখাতে ব্যর্থ, তাই তার সমাপ্তিই যেন স্বাভাবিক।

সূত্র : আলজাজিরা