সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রফতানি আয় ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে রফতানি আয় ছিল ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
তবে, ২০২৫ সালের জুনে এক মাসের রফতানি আয় ছিল ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, মোট ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে এসেছে ৩৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি।
তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রফতানি ৯.৭৩ শতাংশ বেড়ে ২১.১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে ওভেন পোশাক রফতানি ৭.৮২ শতাংশ বেড়ে ১৮.১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত অর্থবছরের জুলাই-জুন সময়ে হোম টেক্সটাইল ২.৪২ শতাংশ বেড়ে ৮৭১.৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।



