দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।
এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দামে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ওই দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো দাম কমানো হলো।
গত ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


