দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান বিএনপির সরকারের সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
দেশের ৫৫তম অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশের ৫৫তম অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী |সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদে দেশের ৫৫তম আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন সরকারের প্রথম বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি।

প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট এটি।

এর আগে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অর্থমন্ত্রীর হাতে ছিল কালো রঙের ব্রিফকেস। এই ব্রিফকেসে রয়েছে বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কাগজপত্র ও অর্থ বিল।

বিকেল ৩টার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থমন্ত্রীকে টেবিল চাপড়িয়ে স্বাগত জানান সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

নেভি ব্লু কালারের স্যুট ও নীল রঙের টাই পরিহিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই সময়ে হাস্যোজ্জ্বল দেখা যায়।

অধিবেশন কক্ষে প্রবেশ করে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে নিজের আসনে গিয়ে বসেন অর্থমন্ত্রী। তার আসনটি প্রধানমন্ত্রীর পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশেই রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান বিএনপির সরকারের সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন। সূত্র : বাসস ও অন্যান্য