এডিবি'র নামে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কবার্তা জারি

এডিবি'র ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

বিশেষ সংবাদদাতা
এডিবি
এডিবি |ইন্টারনেট

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে একদল প্রতারক চক্র। এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই দাতা সংস্থা।

আজ সোমবার ঢাকাস্থ এডিবি'র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে এডিবি স্পষ্ট করে জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইভাবে, কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কোনো টাকা জমা দেয়ারও অনুরোধ করে না।

​সাম্প্রতিক সময়ে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানায়, প্রতারকরা এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে এডিবির কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

জনসাধারণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার এবং কোনো ধরনের লেনদেন বা যোগাযোগ না করার জন্য জোরালোভাবে পরামর্শ দেয়া হয়েছে। এডিবি'র ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

​বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই এডিবির প্রতিনিধি পরিচয় দিয়ে কেউ যদি সরাসরি ব্যক্তি পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে সেটি নিশ্চিতভাবেই প্রতারণা। এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার প্রাতিষ্ঠানিক পরামর্শ ও বিস্তারিত তথ্য এডিবির অফিসিয়াল মাধ্যমে চোখ রাখতে বলা হয়েছে।