এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ, আবদুর রউফ ও কমিশনার মো: শব্বির আহমেদ।

বিশেষ সংবাদদাতা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) |সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন (সদস্য কর), হোসেন আহমদ (সদস্য শুল্ক, নীতি ও আইসিটি) ও আবদুর রউফ (সদস্য চলতি দায়িত্বে-মূসক) এবং কমিশনার মো: শব্বির আহমেদ। তার মধ্যে শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন।

আদেশে বলা হয়, তাদের চারজনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন হবে বিবেচনায় সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতা বলে তাদের দু’জনকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তারা দু’জনেই বিধি অনুসারে অবসরজনিত সুবিধাদি পাবেন।

এদিকে, এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, কয়েক দিন আগে এনবিআরে যে আন্দোলন হয়েছে, এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই দু’জন কর্মকর্তাকে অবসর প্রদান করা হতে পারে।

এর আগে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো: জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। গতকাল রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মো: জাকির হোসেনের সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, দফতর খোলা রাখার নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রামের কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি–রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় মো: জাকির হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

চট্টগ্রাম কাস্টম হাউস হলো এনবিআরের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী দফতর। বিদায়ী অর্থবছরে (২০২৪-২৫) প্রায় ৭৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে এই দফতরের অধীনে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। তাদের মধ্যে এনবিআরের দু’জন সদস্য আছেন। এছাড়া, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও আছেন।