এনবিআরের চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে অসহযোগ ঘোষণা

মঙ্গলবার বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।

নয়া দিগন্ত অনলাইন
কর্মসূচি পালন করছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা
কর্মসূচি পালন করছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা |ইন্টারনেট

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের পদত্যাগসহ চার দফা দাবিতে লাগাতার অসহযোগসহ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আজ বুধবার সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সংস্কার ঐক্য পরিষদ জানায়, গত ১৪ মে থেকে তারা আন্দোলন করে আসছে। সঙ্কট নিরসনে মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দু’জন উপদেষ্টার উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।

সঙ্কট সমাধান না হওয়ায় বুধবার তারা চার দফা দাবি জানিয়েছে। সেখানে, এনবিআর সংক্রান্ত জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং এনবিআর প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনার ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বুধবার থেকেই লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, শনিবার ও রোববার কাস্টমস হাউজ এবং এলসি স্টেশন বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল অফিসে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

একই দাবিতে আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরের পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।