১৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন ৯০৩ জন সিনিয়র অফিসার

‘প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৯০৩টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।’

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় নয়টি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মোট ৯০৩টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চাকরির জন্য নির্ধারিত জব আইডি নাম্বার হচ্ছে ২৬১০১। আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণের সময় এই আইডি ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি পদ রয়েছে রূপালী ব্যাংক পিএলসিতে, যেখানে ৪৭১ জন নিয়োগ দেয়া হবে।

এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৪০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ০৫ জন, বেসিক ব্যাংক পিএলসিতে ০২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৮০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩২ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ৩৯ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ০২ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে একজন নিয়োগ দেয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।

এর পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দু’টি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

সিজিপিএ পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সিজিপিএ ৩.০০ বা তার বেশি হলে তা প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে।

অন্যদিকে ২.০০ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চার-এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা পাঁচ-এর মধ্যে ৩.৭৫ সিজিপিএ থাকলে তা প্রথম শ্রেণি হিসেবে গণ্য হবে।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী। এদিন পর্যন্ত আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। শুধুমাত্র রকেট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

আবেদনকারীদের ‘বিল পে’ অপশনে গিয়ে নির্ধারিত বিলার আইডি ব্যবহার করে ফি জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি ব্যবহার করে অনলাইনে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ২১ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্রাকিং পেজ সংগ্রহের শেষ সময় ২৩ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন আবেদনকারীদের প্রথমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আগে নিবন্ধিত প্রার্থীরা তাদের বিদ্যমান সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।

ছবি ও স্বাক্ষর আপলোডের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৬০০x৬০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কেবি সাইজের হতে হবে। স্বাক্ষরের ছবি ৩০০x৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কেবি সাইজের হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, আবেদনপত্রে ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা কিংবা জাল সনদ ব্যবহার করলে প্রার্থিতা বাতিল করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার যেকোনো ধাপে পদসংখ্যা পরিবর্তন, সংশোধন কিংবা নিয়োগ বাতিলের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বাসস