এক দিনের মধ্যে আবারো বড় ধাক্কা খেল দেশের স্বর্ণবাজার। সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে; যা গতকাল পাঁচ হাজার ২০০ ডলারে ছিল। আগের দিন বৃহস্পতিবার পাঁচ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
দেশের বাজারে নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ নয় হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।



