দেশের বাজারে একদিনে দুই দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ২৮ মার্চ সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেই সময় ভরিতে দু’ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৩৭ হাজার ১২ টা নির্ধারণ করা হয়েছিল। এরপর আজই ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে চার হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দু’ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দু’ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।



