চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপি গ্যাসের দাম। এবার ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা, যা আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১৯৪০ টাকা।
এর আগে এ মাসের শুরুতে (২ এপ্রিল) ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ১৭২৮ টাকা।
আজ এলপিজির পাশাপাশি বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধি এবং যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজি ক্রয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে। দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব কারণে সার্বিকভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই দাম সমন্বয় করা হয়েছে।



