দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
শুক্রবার (১০ জুলাই) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকেই নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৯ জুলাই বাজুস প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছিল। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারো দাম বাড়ানো হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।



