সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

এলএনজি সরবরাহের জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটোল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ ডলার। এই ক্রয়ে এআইটিসহ মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
এলএনজি
এলএনজি |সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। এছাড়া ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়।

আজকের সভায় মোট চারটি ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের দু’টি প্রস্তাব ছিল।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসারে আন্তর্জাতিক কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ১৫-১৬ আগস্ট সময়ের জন্য ৪২তম কার্গো এলএনজি কেনা হবে।

এলএনজি সরবরাহের জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটোল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ ডলার। এই ক্রয়ে এআইটিসহ মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন করা হয়েছে।

এ ক্রয়ের জন্য প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ ডলার। মোট ক্রয়মূল্য ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করেছে। ইউএনবি