দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লক্ষাধিক : অর্থমন্ত্রী

মোট ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং ঋণ হিসাবের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ৭৬৭টি।

নয়া দিগন্ত অনলাইন
ব্যাংক
ব্যাংক |ইন্টারনেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সর্বমোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি।

আজ বৃহস্পতিবার সংসদে চাঁদপুর-৩ আসনের সরকারি দলের সদস্য শেখ ফরিদ আহম্মেদের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, মোট ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং ঋণ হিসাবের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ৭৬৭টি।

তিনি জানান, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ (এনএফআইএস) প্রণয়ন করেছে। বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা, শেয়ারবাজার, ক্ষুদ্রঋণ সংস্থা এবং অন্যান্য অনুমোদিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিচালিত হিসাবসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, এনএফআইএস’র বাস্তবায়নকাল জুন ২০২৬-এ শেষ হচ্ছে। এ কারণে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল-২’ (এনএফআইএস-২) বা ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি-২ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এই কৌশল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত সময়কালে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সূত্র : বাসস