এলপিজি গ্যাসের মূল্য সমন্বয়, বিকেলে ঘোষণা দেবে বিইআরসি

সৌদি আরামকো কর্তৃক ঘোষিত অক্টোবর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
এলপিজি গ্যাসের মূল্য সমন্বয়
এলপিজি গ্যাসের মূল্য সমন্বয়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য অক্টোবর মাসে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ বিকেলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে।

বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত অক্টোবর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা দেয়া হবে।

এর আগে গত ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে আগস্ট মাসে ১২ কেজির দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।

জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরও আগে ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয় এবং ১২ কেজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৪ টাকা। ওই সময় অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফায় কমেছে এবং সাত দফায় বেড়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়।

অন্যদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।