জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গভীর ও অগভীর সমুদ্রাঞ্চলে নতুন গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হবে এবং এ লক্ষ্যে শিগগিরই নতুন অফশোর বিডিং রাউন্ড আহ্বানের পরিকল্পনা রয়েছে।
আজ রোববার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো: নূরুল ইসলামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশ অফসোর বিডিং রাউন্ড ২০২৪-এর অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) পর্যালোচনার ভিত্তিতে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহকে অধিকতর আকৃষ্ট করার লক্ষ্যে বিদ্যমান ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৩’ হালনাগাদ করার লক্ষ্যে খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণীত খসড়ার ওপর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং/মতামত গ্রহণ করা হয়েছে। এ মতামত বিবেচনায় নিয়ে প্রণীত খসড়া ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৬’ চূড়ান্ত অনুমোদনের পর হালনাগাদকৃত পিএসসি’র আওতায় গভীর ও অগভীর সমুদ্রাঞ্চলে নতুন গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হবে এবং এ লক্ষ্যে শিগগিরই নতুন অফশোর বিডিং রাউন্ড আহ্বানের পরিকল্পনা রয়েছে।
সূত্র : বাসস



