দায়িত্ব নিলেন বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. সাহেদুল

নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নয়া দিগন্ত অনলাইন
মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম
মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম |ইউএনবি

দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ’র নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম (অব.) জানান, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।

সাহেদুল ইসলাম জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ও সব উদ্যোক্তার সাথে সমন্বিতভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিএমইএ’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মেজর জেনারেল (অব.) ড. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সূত্র : ইউএনবি