ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমাল বিইআরসি

১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এলপি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি
এলপি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি |সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ মঙ্গলবার সংস্থাটি এ সংক্রান্ত নতুন মূল্যহার ঘোষণা করে, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে ২৯ টাকা কমেছে। একইসাথে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সেপ্টেম্বর মাসে এলপি গ্যাসের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা এবং অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় বেসরকারি খাতে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সৌদি সিপি অনুযায়ী, প্রোপেনের দাম প্রতি টন ৪৯৫ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৪৭৫ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় মূল্য নির্ধারণ করা হয়।