বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থা আরো দক্ষ, কার্যকর ও আধুনিক করে তোলার জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল ব্যাংকে ‘রিস্ক বেসড সুপারভিশন’ (আরবিএস) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আরবিএস কাঠামোর প্রাথমিক পর্যায়গুলো বেশ কয়েকটি ব্যাংকের সাথে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ৬১টি তফসিলি ব্যাংকে পাইলট প্রোগ্রামের অধীনে একটি সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারী, ২০২৬ থেকে সকল তফসিলি ব্যাংকে আরবিএস বাস্তবায়ন করবে।’
সোমবার রাজধানীর কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, দক্ষতা বৃদ্ধি, তদারকি জোরদার এবং আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসেস- এর সাথে সামঞ্জস্য আনার করার লক্ষ্যে ব্যাংক তদারকির জন্য নিয়ন্ত্রক কাঠামোর একটি বড়ধরনের পুনর্গঠন ঘোষণা করতে পেরে বাংলাদেশ ব্যাংক আনন্দিত।
তিনি আরো বলেন, পলিসি ডকুমেন্টেশন, রিস্ক ম্যাট্রিক্স এবং মডেল সুপারভাইজারি রিপোর্টসহ একটি পূর্ণাঙ্গ আরবিএস ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে। এই কাঠামো ঋণ, বাজার, পরিচালনা, আইনি, নিয়ন্ত্রক এবং কৌশলগত ঝুঁকির মতো ঝুঁকিগুলো মোকাবেলার জন্য আরো লক্ষ্য ভিত্তিক ও কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে।
তিনি বলেন, আরবিএস কাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক একটি বিস্তৃত সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
তিনি আরো বলেন, ‘এর আওতায় গঠিত হতে যাচ্ছে ব্যাংক ফোকাস টিমের সমন্বয়ে একাধিক ব্যাংক সুপারভিসন বিভাগসহ বিশেষায়িত বিভাগ যেমন সুপারভিশন পলিসি ও কো-অর্ডিনেশন বিভাগ, সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন বিভাগ ও মানিলন্ডারিং অথবা টেররিস্ট ফাইন্যান্সিং রিস্ক সুপারভিশন বিভাগ।’
এই রূপান্তর কার্যকর করতে বিভাগীয় পুনর্বিন্যাস ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



