ঈদের আগে রাত ১০টা পর্যন্ত শপিংমল খোলা

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না।

নয়া দিগন্ত অনলাইন
শপিংমল
শপিংমল |ইন্টারনেট

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত জানিয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন যে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা দুই দিন ধরে বলছিলাম, আগে থেকে না জানালে দোকানদাররা প্রস্তুতি নিতে পারবেন না। তারা মাল কিনবেন না, সাজাবেনও না। কারণ যদি মনে করেন সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে বেচাকেনা ক্ষতিগ্রস্ত হবে। ঈদের বাজারও ঠিকভাবে জমবে না।

তিনি জানান, মন্ত্রী আমাকে বারবার বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানাবেন। আজ তিনি টেলিফোন করে জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতিও জ্বালানো যাবে না। পরে আমি জানতে চাই, তার বরাত দিয়ে বিষয়টি জানানো যাবে কি না। তখন তিনি সম্মতি দিয়েছেন।

এর আগে, গত ৩ মে সারাদেশের দোকান পাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে চেয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল দোকান মালিকদের আরেকটি সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তখন সমিতির পক্ষে থেকে এক চিঠিতে বলা হয়, শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কারণ দেশের অধিকাংশ ক্রেতা অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করেন। নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমে গেছে এবং ব্যবসার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।

বিক্রি কমে গেলে সরকারের ভ্যাট ও ট্যাক্স আদায়ও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছিল চিঠিতে।