নগর জনস্বাস্থ্যে প্রতিরোধমূলক সেবা আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (IUPHPSP)’-এর ইনসাইটস ডিসেমিনেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নগরাঞ্চলের বাসিন্দা, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা ও তথ্য ভবিষ্যতে একটি টেকসই ও শক্তিশালী নগর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বক্তব্য দেন। তিনি বিকেন্দ্রীকৃত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা এবং সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাংকের পক্ষে বক্তব্য দেন সংস্থাটির সিনিয়র অপারেশনস অফিসার ও টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ। এ সময় কো-টাস্ক টিম লিডার ওয়ামেক রেজাও উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের মাঠপর্যায়ের প্রভাব, টেকসই অর্থায়ন এবং নগর জনস্বাস্থ্য ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি), যুগ্ম সচিব (নগর উন্নয়ন) পরিমল সরকার, উপসচিব (নগর উন্নয়ন) রবিউল ইসলাম এবং উপসচিব (প্রশাসন) ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
এ ছাড়া প্রকল্পের বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্পের পরামর্শক দলের সদস্যরা। তারা নগর জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও IUPHPSP প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়েক মোহাম্মদ হাফিজুল্লাহ খান। সমাপনী বক্তব্যে তিনি বিশ্বব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন এবং প্রকল্পসংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগর জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি



