মাধবদীতে আবাসন প্রকল্পের গাছের চারা কর্তন

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। অভিযুক্তদের পরিচয় যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narsingdi

‘সবুজ আগামীর প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীর একটি আবাসন প্রকল্পে রোপণ করা দুই হাজার ফলদ ও বনজ গাছের চারার মধ্যে শতাধিক চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ ও বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে গত ২৬ জুন মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকার পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের খালি জায়গায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামিল বশীর জেবি। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’—এই প্রতিপাদ্যে চারাগুলো রোপণ করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, ২৯ জুন দিবাগত রাত প্রায় ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্রকল্পে প্রবেশ করে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালায়। পরে সারিবদ্ধভাবে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলে। এ ঘটনায় প্রকল্পটির প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন ২ জুলাই মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রকল্প কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান নামে সাতজনকে শনাক্ত করা হয়েছে। তারা পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা এবং পাশের পূর্বায়ন সিটি আবাসন প্রতিষ্ঠানে কর্মরত। এ ছাড়া আরো ১০ থেকে ১২ জন এ ঘটনায় অংশ নিলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রাজীব হোসেন বলেন, “আমরা নিয়মিত চারাগুলোর পরিচর্যা করছিলাম। হামলার সময় দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে জিডি করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত বিচার চাই।”

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। অভিযুক্তদের পরিচয় যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির সাথে যুক্ত প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, “তিন বছর ধরে আমরা এ এলাকায় বৃক্ষরোপণ করছি। এবারও দুই হাজার চারা রোপণ করা হয়েছিল। প্রকল্পের কর্মীরা সেগুলোর নিয়মিত পরিচর্যা করছিলেন। অথচ পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলা হয়েছে। সরকার যখন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে, তখন এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গাছগুলো কেন কাটা হয়েছে, তার চেয়ে বড় বিষয় হলো—রাতের আঁধারে পরিকল্পিতভাবে পরিবেশবিনাশী এই অপরাধ সংঘটিত হয়েছে। দায়ীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”