স্বাস্থ্যসেবায় ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, ‘রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরো বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।’

নয়া দিগন্ত অনলাইন

স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইবনে সিনা ট্রাস্ট ও রমনা সমাজকল্যাণ সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের অধীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিভিন্ন শাখায় নির্ধারিত চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ডি. ল্যাব ও কনসালটেশন সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও রিজিওনাল ইনচার্জ (করপোরেট) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) কামরুল হাসান রিপন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ শহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ হাবিবুল্লাহ মারুফ, সিনিয়র অফিসার (করপোরেট রিজিওন) মোয়াজ্জেম হোসেন এবং অফিসার (করপোরেট উইং) হাছনুর রহমান খান উপস্থিত ছিলেন।

রমনা সমাজকল্যাণ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন, নূরের রহমান পারভেজ, পশ্চিম মালিবাগের বাসিন্দা মো. আব্বাস এবং সিদ্ধেশ্বরী যুব কল্যাণ সোসাইটির মো. তাসদিকসহ সোসাইটি ও ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, ‘রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরো বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।’

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, ‘আমাদের সদস্যদের কল্যাণে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইবনে সিনা ট্রাস্টের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এ চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রমনা থানার অন্তর্ভুক্ত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ তৈরি হবে।’

অনুষ্ঠানে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি