দেশী–বিদেশী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

‘এসব সমঝোতা স্মারক গবেষণা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন উৎসাহিতকরণ এবং বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবভিত্তিক প্রয়োগে রূপান্তরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অঙ্গীকারের প্রতিফলন।’

নয়া দিগন্ত অনলাইন
বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশী–বিদেশী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর
বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশী–বিদেশী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর |নয়া দিগন্ত

জাতীয় উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশী ও বিদেশী পাঁচটি শীর্ষস্থানীয় একাডেমিক ও শিল্পখাতের প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার মিনারেলস লিমিটেড এবং সিমিলিটিউড প্রাইভেট লিমিটেড।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের মিনি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের বাণিজ্যিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। কমিশনের চেয়ারম্যান ড. মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাপ্রধান, স্পারসো-এর চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিশনের বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়গুলোর সাথে স্বাক্ষরিত MoU-গুলোর আওতায় যৌথ গবেষণা, গবেষণাগার ও প্রশিক্ষণ সুবিধার যৌথ ব্যবহার এবং একাডেমিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গবেষণা ও জ্ঞান বিনিময় জোরদার করা হবে। পাশাপাশি, কমিশনের আওতাধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (INMAS) যশোর ও JUST-এর মধ্যে চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয়ার ইমেজিং, রেডিওফার্মাসিউটিক্যালস, রেডিয়েশন থেরাপি ও বায়োমেডিক্যাল প্রযুক্তিতে যৌথ গবেষণাকে উৎসাহিত করবে।

আন্তর্জাতিক পর্যায়ে, অস্ট্রেলিয়ার সিমিলিটিউড প্রাইভেট লিমিটেডের সাথে BAEC-এর সহযোগিতায় মেডিসিনাল ম্যাগট থেরাপি কর্মসূচি বাস্তবায়ন, পাইলট উৎপাদন সুবিধা স্থাপন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া, সিংগাপুরের রেজিস্ট্রিকৃত অস্ট্রেলিয়ার কোম্পানী প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের সাথে স্বাক্ষরিত MoU-এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ভারী খনিজ সম্পদ আহরণ, গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম পরিচালিত হবে। ফলে এ সংক্রান্ত উন্নয়ন জাতীয় সক্ষমতা বৃদ্ধি পাবে।

সামগ্রিকভাবে, এসব সমঝোতা স্মারক গবেষণা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন উৎসাহিতকরণ এবং বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবভিত্তিক প্রয়োগে রূপান্তরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অঙ্গীকারের প্রতিফলন। বিজ্ঞপ্তি