বাংলাদেশী রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়াকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) উদ্যোগে বাংলাদেশে ‘ইউ-টার্ন’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই মোহাম্মদ শুহাদা ওথমান।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এমএইচটিসি জানায়, আগের বছরের তুলনায় বাংলাদেশী রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা নেয়ার কারণে দেশটির স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
প্রতিনিধি দলের কর্মকর্তারা বলেন, মালয়েশিয়ায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশী রোগীদের মালয়েশিয়াকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হচ্ছে।
এমএইচটিসির বাংলাদেশ সফর ও বিভিন্ন কর্মসূচি ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে প্রতিনিধি দলের সদস্যরা দেশের বিভিন্ন হাসপাতাল, রোগী রেফারেল এজেন্সি ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই দেশের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়।



