তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের জন্য প্রস্তুত করতে দেশের প্রথম বিনামূল্যের যুব দক্ষতা উন্নয়ন (ইউথ স্কিল ডেভেলপমেন্ট) প্ল্যাটফর্ম ‘আগামী’র যাত্রা শুরু হয়েছে। বুয়েটের স্নাতক মোমেনতাজওয়ার মোমিত এবং তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
উদ্যোক্তারা জানান, দেশে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন পড়াশোনার পরও অনেক শিক্ষার্থী বাস্তব কাজের অভিজ্ঞতা, পেশাদার নেটওয়ার্ক এবং শিল্পমুখী দক্ষতার অভাবে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন। এ বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই ‘আগামী’ প্রতিষ্ঠা করা হয়েছে।
প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ, জাতীয় পর্যায়ের নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং কাজের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট পাবেন। এসব সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
‘আগামী’র প্রথম জাতীয় প্রকল্প হিসেবে ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড বাংলাদেশ (এনবিওবি) ২০২৬-এর সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মের সদস্যরা সরাসরি বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠাতা মেহরাব হোসেন বলেন, “আমরা কোনো কোর্স বিক্রি করছি না। আমরা এমন একটি কাঠামো তৈরি করছি, যা বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক আগেই পাওয়া উচিত ছিল।”
সহ-প্রতিষ্ঠাতা মোমেনতাজওয়ার মোমিত বলেন, “বুয়েট থেকে পাস করার পর বুঝেছি, সার্টিফিকেট আর সক্ষমতা এক বিষয় নয়। ‘আগামী’ সেই ব্যবধান দূর করার চেষ্টা করছে।”
উদ্যোক্তারা জানান, যাত্রার কয়েক দিনের মধ্যেই ‘আগামী’র ফেসবুক পেজে হাজারো তরুণ যুক্ত হয়েছেন। আগ্রহীরা প্ল্যাটফর্মটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি



