জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে নিহোন গেটওয়ে একাডেমির যাত্রা

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা, এসএসডব্লিউ প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসা সহায়তাসহ বিভিন্ন কোর্সে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সহায়তা প্রতিষ্ঠান নিহোন গেটওয়ে একাডেমি।

রাজধানীর পূর্ব রাজাবাজারে এফএম টাওয়ারে অবস্থিত একাডেমির উদ্বোধন উপলক্ষে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান এবং ‘স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি ও জাপানে কর্মসংস্থানের সর্বশেষ সুযোগ’ শীর্ষক একটি উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মো. ফিরোজ মুকুল, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মনির উদ্দিন, জনসংযোগবিদ মুহাম্মদ ইমতিয়াজ, একাডেমির চেয়ারম্যান কিয়োশি শিরাকো, তারেক বিন আজিজ, প্রিন্সিপাল ড. তাদাশি ওহতাকে, ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামাল হোসেন এবং ভাইস-প্রিন্সিপাল ড. ফিরোজ আলম চৌধুরী বক্তব্য দেন। এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, জাপানের ওসাকাভিত্তিক প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী আইএমএএস কোম্পানি লিমিটেডের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ একাডেমির বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে আইএমএএস ফ্রন্টিয়ার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি জাপানি ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা, স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি, চাকরি এবং জাপানে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহায়তাসহ সমন্বিত ‘ওয়ান-স্টপ সাপোর্ট’ প্রদান করবে।

একাডেমিতে প্রাথমিকভাবে জাপানি ভাষার জেএলপিটি এন-৪ ও জেএলপিটি এন-২ কোর্স চালু হয়েছে। ড. তাদাশি ওহতাকের উদ্ভাবিত ‘ওহতাকে মেথড’-এর মাধ্যমে ভাষা শিক্ষার পাশাপাশি জাপানি সমাজ ও করপোরেট সংস্কৃতি, ব্যবসায়িক শিষ্টাচার, সাক্ষাৎকার প্রস্তুতি এবং দৈনন্দিন জীবনযাপনের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানায়, ভাষা শিক্ষার পাশাপাশি এসএসডব্লিউ ভিসার আওতায় ট্রাক ড্রাইভার (লজিস্টিকস), অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন পেশায় দক্ষতা পরীক্ষা, চাকরির আবেদন, সাক্ষাৎকার, ভিসা প্রক্রিয়া এবং জাপানে কর্মস্থলে যোগদান পর্যন্ত পূর্ণাঙ্গ সহায়তা দেয়া হবে। একই সাথে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ওসাকা, কিয়োটো ও কোবের অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সাক্ষাৎকার এবং স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াতেও সহযোগিতা করা হবে। এছাড়া জাপানে পৌঁছানোর পর আবাসন, সরকারি আনুষ্ঠানিকতা, দৈনন্দিন সমস্যা সমাধান এবং প্রয়োজনে আইনি ও মানসিক পরামর্শ সেবাও প্রদান করা হবে।

একাডেমির চেয়ারম্যান কিয়োশি শিরাকো বলেন, বাংলাদেশের তরুণদের জন্য জাপানে টেকসই ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

প্রিন্সিপাল ড. তাদাশি ওহতাকে বলেন, বাংলাদেশের তরুণদের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য অংশীদার হতে চায় নিহোন গেটওয়ে একাডেমি। ভবিষ্যতে বাংলাদেশ-জাপান শিক্ষা ও কর্মসংস্থান সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা, এসএসডব্লিউ প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসা সহায়তাসহ বিভিন্ন কোর্সে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বিজ্ঞপ্তি