বাংলাদেশের ফুটওয়্যার ও লেদারগুডস (এফএলজি) খাতে ট্রেসেবিলিটি, টেকসই উন্নয়ন এবং ডিজিটাল কমপ্লায়েন্স বাস্তবায়নের লক্ষ্যে ‘Traceability to Transparency: Roadmap to Digital Product Passport in the FLG Sector’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (FLAXA) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (BPC)।
সেমিনারে বাংলাদেশের ফুটওয়্যার ও লেদারগুডস শিল্পে পণ্যের উৎস ও সরবরাহ শৃঙ্খল শনাক্তকরণ (ট্রেসেবিলিটি), টেকসই উৎপাদন এবং ভবিষ্যতের ডিজিটাল নীতিমালা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী ও কারিগরি বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে বিল্ড (BUILD)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম ‘Traceability Towards Transparency for Sustainability’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বজায় রাখতে ট্রেসেবিলিটি এখন একটি গুরুত্বপূর্ণ শর্তে পরিণত হয়েছে। একই সঙ্গে টেকসই উৎপাদন নিশ্চিত করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল একটি প্যানেল আলোচনা। এতে অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, র্যাপিড (RAPID)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং FLAXA-এর পরিচালক ইবনুল ওয়ারা। আলোচনা সঞ্চালনা করেন FLAXA-এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
প্যানেল আলোচনায় এফএলজি খাতে ট্রেসেবিলিটি এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) বাস্তবায়নের সুযোগ, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বাজারের নতুন চাহিদা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ ছাড়া সেমিনারে ‘e-Traceability for Sustainable Leather: Lessons from the LeatherTech Bangladesh Pilot Programme’ এবং ‘Road to Digital Product Passport (DPP)’ শীর্ষক দুটি কারিগরি উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠান FLAXA সেমিনারে অংশগ্রহণকারী বক্তা, প্যানেলিস্ট, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানায়, বাংলাদেশের ফুটওয়্যার ও লেদারগুডস খাতকে আরও টেকসই, স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি



