বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে আনসার বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিবৃতিতে বলা হয়, অপপ্রচার সত্ত্বেও মাঠপর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি হয়নি। বরং পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথ দায়িত্ব পালন করায় সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা বাড়ছে।

নয়া দিগন্ত অনলাইন

নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আনসার সদস্যদের সরলতার সুযোগ নিয়ে এবং তাদের বক্তব্যের অংশবিশেষ কাটছাঁট ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি বাহিনীর নজরে এসেছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তারা আপোসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, অপপ্রচার সত্ত্বেও মাঠপর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি হয়নি। বরং পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথ দায়িত্ব পালন করায় সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা বাড়ছে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এর একটি উদাহরণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টেডিয়াম ও স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দেয়া। সম্প্রতি এক পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাগাতিপাড়ার ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, গত ১২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত স্থানে নিয়মবহির্ভূতভাবে একটি মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়। সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্য মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে রাখার অনুরোধ করলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা না মেনে সেখানে রেখে যান। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি আনসার সদস্যকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

বিবৃতিতে আরো বলা হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের ৫০০টি উপজেলায় ৫ হাজার আনসার সদস্য চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এ কারণে অপরাধী ও স্বার্থান্বেষী মহল বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, কিছু সদস্যের বক্তব্য বিকৃত করে মূল ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তবে হাসপাতাল, চিকিৎসক ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও মানুষের সেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করে যাবে। বাহিনীর গৌরবময় ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও দেশের নিরাপত্তা ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।