তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্লদিও কানিজিয়াকে বাংলাদেশে নিয়ে এসেছে ইফাদ পিলো চিপস। রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত ‘আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইএসসিএল) ২০২৬’-এর গ্র্যান্ডফাইনালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক এই তারকা ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ।
কানিজিয়ার উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন টুর্নামেন্টে অংশ নেয়া তরুণ ফুটবলাররা। বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত এই তারকাকে কাছ থেকে দেখা ও তার সাথে সময় কাটানোর সুযোগ তাদের জন্য বিশেষ অনুপ্রেরণার মুহূর্ত হয়ে ওঠে।
ঢাকার ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনী কলেজ, ঢাকা ৩-০ গোলে বিআইটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিআইটি স্কুল রানার্সআপ হয়।
অনুষ্ঠানে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আরিফ জামান বলেন, তরুণদের অতিরিক্ত সময় মুঠোফোন বা পর্দার সামনে না কাটিয়ে মাঠে ফিরিয়ে আনতে হবে। ফুটবল শুধু খেলা নয়; এর মাধ্যমে শৃঙ্খলা, দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেয়া এবং প্রতিকূলতার সাথে লড়াই করার মানসিকতা তৈরি হয়।
তিনি বলেন, তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসা উচিত। তরুণ ফুটবলাররা যেন নিজেদের স্বপ্ন অনুসরণ করে এবং প্রতিভাকে আরো বিকশিত করতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে কানিজিয়া বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি গভীর ভালোবাসার প্রশংসা করেন। একই সাথে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খেলোয়াড় তৈরিতে মানসম্মত কোচিং, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা এবং উচ্চমানের প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।
কানিজিয়ার বক্তব্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশেষভাবে অনুপ্রাণিত হন। তাদের অনেকেরই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, ইফাদ গ্রুপ, ফোর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষক ও কর্মকর্তা, কোচ, অভিভাবক এবং ফুটবলপ্রেমীরাও অনুষ্ঠানে যোগ দেন। বিজ্ঞপ্তি



