জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালনের সিদ্ধান্ত ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের

গত বুধবার (২০ মে) রাজধানীতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনে উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বুধবার (২০ মে) রাজধানীতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিবিএ সভাপতি মো. নূরুল হক সরদার ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়া সভায় রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ ও ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ হিসেবে উল্লেখ করে ফেডারেশনের ব্যানারে তার শাহাদতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শুধু স্মরণসভার প্রস্তুতি নয়, দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বিদ্যমান সমস্যাসমূহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা ব্যাংকিং খাতের চলমান সঙ্কট এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যাংক ফেডারেশন ও শ্রমিক দলের নেতাদের মধ্যস্থতা ও হস্তক্ষেপও প্রত্যাশা করেন তারা।