ফেনী অফিস
দেশের শীর্ষস্থানীয় লুব্রিক্যান্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান এপি অয়েল এর ডিলারস, স্ট্রিবিউটরস ও মেকানিকদের নিয়ে ৫দিনব্যাপী নেপাল ভ্রমণ সম্পন্ন হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শতাধিক সদস্যের টিম নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়।
পরদিন নেপালের পর্যটন রাজধানীখ্যাত পোখারার উদ্দেশ্যে সকালে রওনা হয়। যাওয়ার পথে শম্বুনাথ মন্দির ও কেবলকারে চড়ে চন্দ্রাগিরি পর্বত শৃঙ্গ দর্শন ছাড়াও পাহাড়ি আঁকাবাঁকা পথে মনমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্য্য ভ্রমণকারীরা উপভোগ করেন।
পোখারায় ফেওয়া লেকের পাশে সুরম্য হোটেলে রাত্রি যাপন শেষে বিশ্বের সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের দৃশ্য দেখতে এপি অয়েল টিম সদস্যরা যান সারাংকোট পর্বতশৃঙ্গ চূড়ায়।
সন্ধ্যায় হোটেলের কনফারেন্স রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে নেপালি শিল্পী ছাড়াও এপি অয়েল পরিবারের অনেক সদস্য নেচে গেয়ে ভ্রমণকে স্মরণীয় করে রাখেন। অনুষ্ঠানে লটারির মাধ্যমে তিন মেকানিককে পুরস্কৃত করা হয়।
এপি অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মোহাম্মদ ছালেহ্ (অর্পণ) সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানের জন্য আপনাদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে, আমাদের প্রতিনিয়ত প্রেরণা যোগাচ্ছে। আপনাদের চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহ করতে চট্টগ্রামের সীতাকুন্ডে আমরা ফ্যাক্টরির আকার আরো বড় করার পাশাপাশি বিশ্বের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন পণ্য উৎপাদনে নজর দিচ্ছি। শুধু মুনাফা অর্জনই নয়, আমরা প্রতিবছর একাধিকবার ভ্রমণে বের হয়ে কিছু সময় উপভোগ করতে চাই। দেশ-বিদেশের নানা প্রাকৃতিক দৃশ্য ছাড়াও ব্যবসা বাণিজ্য-অর্থনীতি সামগ্রিক বিষয়ে আমরা আরো অভিজ্ঞতা অর্জন করতে চাই। সম্মানিত ব্যবসায়ীদের পাশাপাশি আমরাই প্রথম এত ব্যাপক সংখ্যক মেকানিক ভাইদেরকে এ আনন্দে সঙ্গী করেছি। আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই।
পাঁচদিনের আনন্দময় ভ্রমন শেষে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে দেশে ফিরে আসে টিম এপি অয়েল।



