বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। করপোরেট ও ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাতায়াত এবং চিকিৎসাসেবায় এ সেবা ব্যবহার করা যাবে।

আকিজ এভিয়েশন জানিয়েছে, তাদের বাণিজ্যিক হেলিকপ্টার সেবার মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি আধুনিক, আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণসুবিধা পাওয়া যাবে। অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্তে এ সেবা পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স’ সেবাও চালু রয়েছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ সেবা পরিচালনা করছে আকিজ এভিয়েশন।

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার রয়েছে।

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধারকাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, চলচ্চিত্র ও নাটকের শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহনসহ বিভিন্ন কাজে হেলিকপ্টারের চাহিদা বাড়ছে।

বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়সাশ্রয়ী যাত্রার সুবিধা দিতে আকিজ এভিয়েশন সবসময় পাশে থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হেলিকপ্টার সেবা ও জরুরি রোগী পরিবহনের জন্য যোগাযোগ করা যাবে—০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫ ও ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরে।