মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইমতিয়াজ ইউ. আহমেদকে। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব দেয়ার দক্ষতা রয়েছে তার। তিনি এমন এক সময়ে মিডল্যান্ড ব্যাংকে যোগদান করেছেন, যখন ব্যাংকটি তার বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরো গতিশীল করতে কাজ করছে।
ব্যাংকিং পেশায় ইমতিয়াজ ইউ. আহমেদের বিস্তৃত দক্ষতার ক্ষেত্রেসমুহের মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা। পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও একটি শক্তিশালী রূপান্তরমূলক এজেন্ডার প্রতি তার গভীর আগ্রহ ও মনোযোগের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছেন, বিশেষ করে রপ্তানি অর্থায়ন কার্যক্রমে এবং একই সঙ্গে পোর্টফোলিওর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন।
ব্যাংকিং খাতে ইমতিয়াজ ইউ. আহমেদের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি, যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ব্যাংকিং পেশায় প্রবেশের আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হক-এ অডিটর হিসেবে কাজ করেছেন।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ দেশে ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তিনি মিডল্যান্ড ব্যাংককে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে সফলভাবে নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্টদের আশা। বিজ্ঞপ্তি



