দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে চিকিৎসাসেবা চালুর অনুমতি দেওয়া হয়।
ফলে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেয়া হয়। মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩।
লাইসেন্স ফিরে পাওয়ায় আদ্-দীন কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে। একই সাথে হাসপাতালের চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া বিভিন্ন সময়ে আদ্-দীনের পক্ষে যারা সোচ্চার হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।



