মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে পদোন্নতি পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ১৬ জুন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সহসভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়। এ-সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই তার কাছে হস্তান্তর করা হয়। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তার এ পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে গতিশীল করবে।
মঙ্গলবার মাতৃভূমি গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রুপের পক্ষ থেকে হানিফ মিয়াকে সংবর্ধনা দেয়া হয়। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে হানিফ মিয়া বলেন, ‘আমার এ পদোন্নতির জন্য আমি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ বয়সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছি। এখন জীবনের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।’
তিনি বলেন, মাতৃভূমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত পরিবর্তন এবং বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখতে চান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাতৃভূমি গ্রুপের পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়া, পরিচালক (মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, কনসালট্যান্ট হাসান আবদুল্লাহ, নির্বাহী পরিচালক তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



