আইইউবিএটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

শিশুখাদ্য কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন বন্ধের আহ্বান

নয়া দিগন্ত অনলাইন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আয়োজিত এক সেমিনারে শিশুখাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন কৌশল বন্ধের আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির জনস্বাস্থ্য বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও আইইউবিএটির জনস্বাস্থ্য বিভাগের খণ্ডকালীন অধ্যাপক কাজী এ কিউ এম মহিউল ইসলাম। তিনি নবজাতকের সুস্থতা ও বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব এবং সব শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করতে জনস্বাস্থ্যকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে নাজমুল হুদা। তিনি বলেন, বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে গুঁড়ো দুধ ও বিকল্প শিশুখাদ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন কৌশলও এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, বিভিন্ন কোম্পানি নানা কৌশলে নতুন মা-বাবাদের মধ্যে অযৌক্তিক উদ্বেগ সৃষ্টি করে থাকে, যা অনেক ক্ষেত্রে শিশুদের মাতৃদুগ্ধ থেকে দূরে সরিয়ে দেয়। এ সময় মাতৃদুগ্ধ সুরক্ষায় বিদ্যমান আইন আরো কার্যকর করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।