১৮৪ দেশে বাংলাদেশের পতাকা উড়ানো নারীর ইউএস-বাংলার স্বীকৃতি

নাজমুন নাহারের এ ঐতিহাসিক যাত্রা সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তার এ অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

মনির হোসেন
ইউএস বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হয়
ইউএস বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলেন নাজমুন নাহার। বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এ অনন্য কীর্তি অর্জন করেছেন। একইসাথে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি এত বিস্তৃত পরিসরে জাতীয় পতাকা নিয়ে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন। এ অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএস বাংলা এয়ারলাইনস তাকে সম্মানসূচক উপাধি ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ প্রদান করেছে।

নাজমুন নাহারের এ ঐতিহাসিক যাত্রা সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তার এ অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউএস বাংলার জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস জানিয়েছে, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো তাদের অঙ্গীকারের অংশ।

নাজমুন নাহারের এ অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।